দেলোয়ার হোসেন (বাবলু), টংগী, গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গতকাল শনিবার (১ মার্চ ২০২৫) সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে ওই অভিযান শুরু হয়। অভিযানে প্রায় ৬০ ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, টঙ্গীর মাজার বস্তি ঘিরে মাদক কারবারের ভয়াবহ অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর থেকে এ অভিযান পরিচালিত হয়। প্রকাশ্যেই বস্তিটিতে মাদক কারবার চলে আসছে। বিষয়টি অনেকবার স্থানীয় থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলেও অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে টঙ্গীর মাজার বস্তি ঘুরে ছোট ছোট অসংখ্য ঘর দেখা গেছে। ওইসব ঘরে মাদক বিক্রির পাশাপাশি বস্তিটিতে বিভিন্ন মাদক সেবনেরও ব্যবস্থা রয়েছে। পরিবহন শ্রমিকরা এ স্পটের মূল ক্রেতা বলে জানিয়েছেন স্থানীয়রা।
গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম জানান, অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও রয়েছেন। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ৬০ জনের মতো মাদক কারবারিসহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীদের আটক করা হয়েছে। সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুরো রমজানজুড়ে এমন অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.