
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের নীচ থেকে ৩৯ বোতল কাফ রিলিফ নামক সিরাপসহ রফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে।
গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মুন্নাপাড়ার আব্দুল কাদেরের ছেলে। গতকাল শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়ার আমবাগানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে।
এ তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল খড়িয়াল শেখপাড়াস্থ জনৈক সামেদের আমবাগান থেকে রফিকুল ইসলামকে আটক করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় রক্ষিত ৩৯ বোতল কাফ রিলিফ সিরাপ উদ্ধার করা হয়।



