
“ছিলাম, আছি, রবো একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়নের ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন—ক্ষীপ্র পাঁচের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ২য় পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, রাজধানী ঢাকার অদূরে সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত মিজান গার্ডেনে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ক্ষীপ্র পাঁচের অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের প্রথম অধিনায়ক মেজর জেনারেল মাসুদুর রহমান (অব.)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মেজর জেনারেল হুমায়ুন খালেদ (অব.)। এছাড়া ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, জেসিও এবং বিভিন্ন পদবির সাবেক সেনা সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চলে নাস্তা ও শুভেচ্ছা বিনিময়। এরপর সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে মনোজ্ঞ সংগীত পরিবেশন ও স্মৃতিচারণ। দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর আবারও শুরু হয় স্মৃতিচারণ ও আলোচনা পর্ব।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল র্যাফেল ড্র। এতে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় ২০টি আকর্ষণীয় পুরস্কার।
পুনর্মিলনীতে সাবেক সেনা সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পুরোনো দিনের স্মৃতি নতুন করে প্রাণ ফিরে পায়। দীর্ঘদিন পর সহযোদ্ধাদের একসঙ্গে পেয়ে আবেগঘন হয়ে ওঠে পুরো আয়োজন।
এবারের অনুষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক সদস্যের উপস্থিতি নিশ্চিত করে প্রথম স্থান অর্জন করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩১তম ব্যাচ। দ্বিতীয় সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে দ্বিতীয় স্থান অর্জন করে ১৭তম ব্যাচ এবং তৃতীয় সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে তৃতীয় স্থান অর্জন করে ৪৩তম ব্যাচ।
বিশেষ করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুস সামাদের নেতৃত্বে ৪৩তম ব্যাচের সদস্যরা আলাদা কটি পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের এই ব্যতিক্রমী অংশগ্রহণ পুনর্মিলনীর আনন্দ ও আকর্ষণ আরও বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারী সাবেক সেনা সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এর মধ্য দিয়ে বিকেল ৫টায় শেষ হয় ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ২য় পুনর্মিলনী ২০২৬।
একসঙ্গে কাটানো স্মৃতি, সহযোদ্ধাদের বন্ধন আর পারস্পরিক ভালোবাসায়—“ছিলাম, আছি, রবো একসাথে” প্রতিপাদ্য যেন আবারও প্রমাণ করল, দায়িত্বের অধ্যায় শেষ হলেও সহযোদ্ধাদের বন্ধন কখনো শেষ হয় না
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.