বাংলার আলো টিভি ডেস্কঃ
বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই ঘটছে অসংক্রামক রোগের কারণে, যার অন্যতম প্রধান ঝুঁকির কারণ হচ্ছে তামাক ও নিকোটিনের ব্যবহার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে আন্তর্জাতিক সংস্থা “টোব্যাকো এটলাস ২০২৫” এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করছেন। তামাকের এই ভয়াবহতা দেশের জনস্বাস্থ্যকে যেমন মারাত্মক ঝুঁকিতে ফেলছে, তেমনি দেশের অর্থনীতিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, তামাক ব্যবহারের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ স্বাস্থ্যব্যয়, পরিবেশগত ব্যাপক ক্ষতি এবং কর্মক্ষম মানুষের উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ হাজার কোটি টাকারও বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, তামাক ও নিকোটিন ব্যবহারের এই ধারা অব্যাহত থাকলে তা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বড় বাধা হয়ে দাঁড়াবে। তামাকজনিত মৃত্যুর হার এবং বিশাল অঙ্কের এই অর্থনৈতিক ক্ষতি কমাতে তামাক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার পাশাপাশি এর ব্যবহার বন্ধে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা তৈরি করা জরুরি হয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.