মোঃ রাসেল শেখ, নড়াইলঃ
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চুরির সঙ্গে জড়িত কাদের মোল্যা (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (৩ জুন) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার দীঘলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাদের মোল্যা লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের দীঘলিয়া গ্রামের তবিবর মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মো. টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের দীঘলিয়া গ্রাম থেকে কাদের মোল্যাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানা এলাকা থেকে একটি ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ আরও জানায়, কাদের মোল্যার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বলেন, “চুরির সঙ্গে জড়িত কাদের মোল্যা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.