
ক্যান্সার রোগীর পাশে দাঁড়ানোর পাশাপাশি, যিনি রোগীর যত্ন নিচ্ছেন, তাঁর পাশেও দাঁড়ান। ক্যান্সার শুধু একজন মানুষের জীবনকে কঠিন করে তোলে না, পুরো পরিবারকেই এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। একজন রোগীর চিকিৎসার পেছনে যিনি নিরন্তর ছুটে চলেন, সেই মানুষটির কষ্ট, দুশ্চিন্তা, মানসিক চাপ ও অসহায়ত্বের কথাও আমাদের ভাবতে হবে। তিনি হতে পারেন রোগীর স্ত্রী, স্বামী, ছেলে, মেয়ে কিংবা অন্য কোনো নিকটাত্মীয়।
দিনের পর দিন রোগীকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়ানো, কয়েক দিন পরপর কেমোথেরাপি দেওয়ার জন্য নিয়ে আসা, নিজের শহর ছেড়ে অন্য শহরে রেডিওথেরাপি বা উন্নত চিকিৎসার ব্যবস্থা করা—এসবের প্রতিটি ধাপের সঙ্গে জড়িয়ে থাকে অনেক ত্যাগ, অর্থনৈতিক চাপ এবং মানসিক সংগ্রাম। কিন্তু আশ্চর্যের বিষয়, এই কঠিন সময়ে অনেক সময় আত্মীয়স্বজন ও আশপাশের মানুষের কাছ থেকেই তাঁরা সবচেয়ে বেশি নেতিবাচক কথা শুনতে পান। একজন ছেলে হয়তো মায়ের চিকিৎসার খরচ জোগাতে নিজের জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। তখন কেউ কেউ তাঁকে বলেন, 'জমি বিক্রি করে কী হবে? মা তো আর বাঁচবে না। অযথা এত টাকা নষ্ট করছ কেন?'
কেউ হয়তো বলেন, 'ক্যান্সার হলে কি আর মানুষ বাঁচে? এত চিকিৎসা করিয়ে লাভ কী?' একবার ভাবুন তো, কথাগুলো যাঁকে বলা হচ্ছে, তিনি একজন সন্তান। তাঁর কাছে তাঁর মা শুধু একজন ক্যান্সার রোগী নন। তিনি সেই মানুষ, যাঁর কাছে তিনি ছোটবেলায় আশ্রয় পেয়েছেন, যাঁর হাত ধরে বড় হয়েছেন। মায়ের সঙ্গে আরেকটি দিন, আরেকটি মাস, কিংবা আরও কিছু সুন্দর মুহূর্ত কাটানোর আকাঙ্ক্ষা তাঁর কাছে কতটা মূল্যবান, সেটা বাইরে থেকে বিচার করা যায় না।
চিকিৎসার ফলাফল কী হবে, রোগী কতদিন বাঁচবেন, তা অনেক সময় চিকিৎসকের পক্ষেও নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার আগে রোগী ও পরিবারের আশা, সামর্থ্য, ইচ্ছা এবং জীবনের মান—সবকিছুকে গুরুত্ব দেওয়া জরুরি।
হয়তো একজন রোগীকে নিয়ে তাঁর পরিবারের সদস্য প্রতিদিন নতুন করে যুদ্ধ করছেন। রোগীর কষ্ট সামলানোর পাশাপাশি তাঁকে নিজের ভয়, হতাশা, আর্থিক সংকট এবং ভবিষ্যতের অনিশ্চয়তার সঙ্গেও লড়তে হচ্ছে।
এই মানুষগুলোর তখন সবচেয়ে বেশি প্রয়োজন একটু সহমর্মিতা, একটু সাহস, একটু ইতিবাচক কথা।
আমরা হয়তো চিকিৎসার খরচ দিতে পারব না, রোগীর সব দায়িত্ব নিতে পারব না। কিন্তু অন্তত এমন কিছু কথা যেন না বলি, যা একজন বিপর্যস্ত মানুষের মনোবল আরও ভেঙে দেয়। মনে রাখবেন, ক্যান্সার রোগীর চিকিৎসার পাশাপাশি তাঁর যত্ন নেওয়া মানুষটির মানসিক যত্নও অত্যন্ত জরুরি। কাউকে নিরুৎসাহিত করার আগে একবার ভাবুন, আপনি তাঁর জায়গায় থাকলে কী করতেন? কখনো কখনো একটি ইতিবাচক কথা, একটু সাহস দেওয়া কিংবা শুধু পাশে থাকার আশ্বাসও অনেক বড় সহায়তা হতে পারে।
আসুন, ক্যান্সার রোগীর প্রতি সহমর্মী হই, একই সঙ্গে যিনি দিনরাত তাঁর পাশে থেকে যত্ন নিচ্ছেন, সেই মানুষটির প্রতিও সহমর্মী হই। কারণ ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটা শুধু একজন রোগীর নয়, পুরো পরিবারের।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.