হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে খালের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করার অভিযোগে নির্মাণাধীন ৪টি দোকান গুড়িয়ে দিয়েছে প্রশাসন। শনিবার (৩১ মে) বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের ছুয়ানী মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খালের ওপর অবৈধভাবে নির্মাণ করা ৪টি দোকান উচ্ছেদে অভিযান চালানো হয়। এর কয়েক মাস আগে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছিলো। তখন মালিকদেরকে স্থাপনা সম্পূর্ণ সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা না মানার কারণে আজ নির্মাণাধীন স্থাপনাগুলো সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, গত বছরের আগস্টের শেষ দিকে আকস্মিক বন্যায় এই উপজেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। খালের পানি প্রবাহ ঠিক না থাকায় এখানে বন্য পরিস্থিতি দীর্ঘ সময় স্থায়ী হয়েছিল। এরকম স্থাপনার কারণে খালের পানি প্রবাহ বাধাগ্রস্তসহ বর্ষা মৌসুমে দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। খাল দখলমুক্ত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে চাটখিল থানা পুলিশ, চাটখিল পৌরসভা ও চাটখিল উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা সহায়তা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.