
হাবিবুর রহমান, লক্ষীপুরঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্ধু মহল সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে লক্ষীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারীর হাট এলাকায় ২০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ মানবিক কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান ফারাবী। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রাসেল মাহমুদ এবং সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বিপ্লব। এছাড়াও উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দুল আহাদ, মাওলানা আব্দুল মালেক ও জনাব আব্দুল মান্নান উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। এ মাসে সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। বক্তারা আরও বলেন, বন্ধু মহল সমাজকল্যাণ ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
ইফতার সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য ছিল। সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল উদ্দেশ্য এবং এ লক্ষ্যেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।



