বাংলার আলো টিভি ডেস্ক
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন অবশেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট ঢাকা থেকে শনিবার সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বলে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত জানিয়েছেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবার বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি। মাঝে অন্তর্বর্তী সরকারের সময়ে দুইবার তার বিদেশযাত্রা আটকে দেওয়া হয় বলে সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন।
গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর অন্তর্বর্তী সরকারের আমলে কঠিন সময় পার করার কথাও বলেন রাষ্ট্রপতি। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৪ সালের ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য আরব আমিরাতে যান রাষ্ট্রপতি। সেখান থেকে যান লন্ডনে। দশ দিনের সফর শেষে ১৪ মার্চ সকালে দেশে ফেরেন। এরপর আর তার বিদেশ গমন হয়ে ওঠেনি। মাঝে কেটে গেছে ২ বছর ১ মাস ২৫ দিন।
এবার স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত বলেন, স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে ১৭ মে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি দেশের উদ্দেশে রওনা দেবেন। ১৮ মে সকালে দেশে পৌঁছাবেন।
রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তার সফরসঙ্গী হবেন।
এর আগে ২০২৩ সালের ১ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.