হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল ইবনে সিনা হাসপাতলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা কালে উঠে এসেছে এক ভয়ঙ্কর ঘটনা, গত তিন মাস থেকে ডাক্তার ছাড়াই হাসপাতালটা পরিচালিত হচ্ছে। অভিযান পরিচালনাকালে ল্যাব টেকনিশিয়ান তার কোন সার্টিফিকেট দেখাতে পারেনি, অপারেশন থিয়েটারে ক্যাথেটার সহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিসের কোনটারই মেয়াদ ছিল না। ব্যবস্থাপত্রে ডাক্তারের স্বাক্ষর থাকলেও তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিন মাস থেকে তিনি ওই হাসপাতালে আসেন না। ঘটনার বাস্তবতায় মোবাইল কোর্টের সাথে সম্পৃক্ত সবাই হতভম্ব হয়ে যান।
পরে হাসপাতালটির পরিচালক ফিরোজ আলম সুমনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তালা মেরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপরে ইউনাইটেড হাসপাতালে অভিযান চালানো হলে মূল্য তালিকা প্রদর্শিত না হওয়ায় হাসপাতালটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নিশাত ফারাবির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত) ডাঃ শহিদুল আহমেদ নয়ন, হেলথ ইন্সপেক্টর নুরুল আমিন সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত) শহিদুল আহমেদ নয়ন সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, আজকে আমরা দুটি হাসপাতালে অভিযান করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.