
বাংলার আলো টিভি ডেস্কঃ
পিরোজপুরের প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করবেন।
রবিবার (৫ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে “শেষ বয়সে তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান মোতালেব আকন” শিরোনামে প্রতিবেদন প্রচারিত হয়। বিষয়টি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। পরবর্তীতে তিনি সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য। এরই ধারাবাহিকতায় ভার্চুয়াল এই সাক্ষাতের আয়োজন করা হয়েছে।
এসময় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, সাবেক জেলা বিএনপি সদস্য মোতালেব আকন ২০১৪ সালের উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এলিজা জামানের প্রধান সমন্বয়ক ছিলেন। সে সময় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতর আহত হন এবং দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে হুইলচেয়ারে জীবনযাপন করছেন। তবুও তিনি নিয়মিত দলের খোঁজখবর রাখেন এবং কর্মসূচির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকেন।



