
বাংলার আলো টিভি ডেস্কঃ
মা বাবা আর বাড়ির মানুষ ভাবে, ছেলে অনেক বড় সাংবাদিক, বড় প্রতিষ্ঠানে চাকরি করে, অনেক টাকা বেতন পায়।
এলাকার মানুষ ভাবে, সাংবাদিক থানায় দালালি করে, ওরে দেখলেই মানুষ ভয়ে টাকা দেয়। বিভিন্ন জায়গার টাকার ভাগ পায়, দুর্নীতিবাজরা টাকা দিয়ে ওদের কিনে নেয়। ব্যাপক ইনকাম।
রাজনৈতিক নেতারা ভাবে, সাংবাদিকরা ২শ ৫শ টাকা দিলেই নিউজ কাভারেজ দেয়।
এনজিও কর্মীরা ভাবে, সাংবাদিকদের মাঝে মাঝে ডেকে এনে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর ৩শ টাকার একটা হলুদ খাম ধরিয়ে দিলেই নিউজ কভারেজ পাওয়া যাবে।
পুলিশ আর প্রশাসনের কর্তারা ভাবে, আমরা যা বলবো সাংবাদিক তাই লিখবে। ওটাই ওদের কাজ।
সাধারণ মানুষ ভাবে, সাংবাদিকরা সরকারের দালালি করে, টাকা নিয়ে শুধু মিথ্যা কথা লেখে।
অথচ একজন সাংবাদিকের ( দুই একজন বাদে) প্রকৃত আয় কত তা যদি সবাই জানতো তাহলে এসব ভাবতো না। সাংবাদিকের বেতন কত ? এই কথাটা লজ্জায় কখনো কারো সাথে প্রকাশ করতে পারে না। আর পাঁচটা পেশার মত এই পেশায় কোনো ভবিষ্যৎ নেই। তারপরও যারা এই পেশায় কাজ করেন তারা শুধু নেশায় এই পেশায় থেকে যায়। নিজের বা পরিবারের ভবিষ্যতের কথা ভুলে এই সাংবাদিকরাই মানুষের ভবিষ্যতের জন্য কাজ করেন। তবুও কটু কথাই শুনতে হয়। অথচ একজন সাংবাদিক একটা নিউজ পোর্টাল চালাতে বছরে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করতে হয়। সেই হিসেবে কেউ যদি আমার মত ২/৩ টা নিউজ পোর্টাল চালায় তার কি অবস্থা হবে ?



