
শেখ কামরুজ্জামান রানা, কোটালীপাড়া, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সাবেক এমপি শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা সম্বলিত রঙ্গিন পোস্টারে।
আজ শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার গুরুত্বপূর্ণস্থানে এই পোস্টার দেখা গেছে। তবে পুলিশ বলছে, পোস্টারগুলো অপসারণ করা হয়েছে।
বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা সম্বলিত পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারের উপরে লেখা, ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদের নেতা’। মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এরপরে লেখা, ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপার ৭৯ তম জন্মদিন উপলক্ষে কোটালীপাড়া উপজেলাবাসীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন’। পোস্টারের একেবারে নিচের অংশে লেখা, ‘কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন‘। আরেকটি পোস্টারে লেখা শামীম দাড়িয়া , সাধারণ সম্পাদক , কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ। সাবেক জিএস কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্র সংসদ‘। ধারণা করা হচ্ছে, এদের পক্ষ থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ পোস্টার সাঁটানো হয়েছে। বিশেষ করে, কোটালীপাড়া উপজেলা পরিষদের বাউন্ডারি দেয়াল, পৌরসভার দেয়াল, আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন অফিসের দেয়াল ছেয়ে গেছে এ পোস্টারে। এমন পোস্টারে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পথচারীসহ উৎসুক মানুষ এ পোস্টার দেখছেন।
কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, আওয়ামী লীগের কর্মকান্ড এখন নিষিদ্ধ। তারা রাতের আধাঁরে গোপনে পোস্টার লাগিয়েছে। সকালে আমরা দেখেছি। থানার ওসি সাহেবও বিষয়টি জানিয়েছেন। যদি প্রকাশ্যে কোন ধরনের কর্মকান্ড করে আমরা তা প্রতিহত করবো।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার বলেন, আওয়ামী লীগ বৃহৎ একটা দল তাদের দলের সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন তারা পালন করতেই পারে বা পোস্টার লাগাতেই পারে। তবে আমাদের ধারণা হলো রাতের আধাঁরের কোন কর্মকান্ডই ভালো কিছু বহন করে না। নিশ্চয়ই তাদের মধ্যে কোন দুর্বলতা রয়েছে তাই তারা রাতের আধাঁরে তাদের নেত্রীর জন্মদিনের পোস্টার লাগিয়েছে। রাতের আধাঁরে এমন কর্মকান্ড থেকে ভালো কিছু আশা করা যায় না। এটা একটা গুপ্ত রাজনীতি। যা জনগণের মাঝে আতংক বিরাজ করে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, সাধারণ মানুষ যেন কোন ক্ষয়ক্ষতি বা হুমকির মুখে না পড়ে সেদিকে লক্ষ্য রাখেন। পথচারীসহ সাধারণ মানুষ এই পোস্টার দেখলেও কোন মন্তব্য করতে রাজী হয়নি।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, রাতের আধাঁরে কে বা কারা পোস্টারগুলো লাগিয়েছে তা আমাদের জানা নেই। পোস্টারগুলো অপসারণ করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
শেখ কামরুজ্জামান রানা
০১৭১৮-০৬৬০১৮




