
দেলোয়ার হোসেন বাবলু, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুরের আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানার পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ভজেন্দ্র সরকার (৫৫)। তিনি স্থানীয় মেঘলাল সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরীর সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প মণ্ডপে পূজা আর্চনা চলছিল। এ সময় ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে শিশুটি খেলা করছিল। ভজেন্দ্র সরকার শিশুটিকে ডেকে নিজ বসতঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির স্বজন ও বড় ভাই ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিভ বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।



