
মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবনির্বাচিত ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
আসিফ আব্দুল্লাহর ভূরুঙ্গামারীতে আগমন উপলক্ষ্যে রবিবার ( ৫ অক্টোবর ) সন্ধ্যায় এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা শত শত শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও গাড়ি বহর নিয়ে তাঁরা আসিফ আব্দুল্লাহকে উষ্ণ অভ্যর্থনা জানান। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো উপজেলায় নেমে আসে উৎসবের আমেজ। পরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন পাইলট ব্যাচ/২০১৫সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
আসিফ আব্দুল্লাহ ভূরুঙ্গামারীর কৃতি সন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনের একমাত্র পুত্র। তাঁর এই কৃতিত্বে স্থানীয় জনপদে বইছে আনন্দের জোয়ার।
সমাবেশে আসিফ আব্দুল্লাহ বলেন,
“আমি মাত্র এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেবা করার সুযোগ পেয়েছি। এই সময়ে এমন কিছু করে যেতে চাই, যা আজীবন শিক্ষার্থীদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। কুড়িগ্রামের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের উন্নয়নে থাকবে বিশেষ উদ্যোগ ও পরামর্শ।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয় ২০১৫ ব্যাচের প্রতিনিধি ঈমান আলী, জামায়াতের উপজেলা সহকারি সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রাক্তন ছাত্রনেতা ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।



